ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাবেক হায়দরাবাদ রাজ্যের শাসক নিজামের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, তিনি ছিলেন মহান শাসক ও সেক্যুলার।

তিনি নিজামের উন্নয়ন ও কল্যাণকর নানা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি ছিলেন গৌরবময় রাজা। তার ছোটখাট কিছু হয়েছিল, তবে সেটা যেকোনো রাজ্যে হয়ে থাকে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৫তম অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশনে এ মন্তব্য করেন।

নিজামের প্রশংসা করাকে যৌক্তিকতা প্রতিপন্ন করতে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশ আর্থার কটনের মতো ব্রিটিশ ইঞ্জিনিয়ারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে, অথচ তারা নিজামের সমাধিতে যায় না।

তিনি বলেন, তারা কটনকে স্মরণ করে, কারণ তিনি চার লাখ একর জমিতে সেেেচর ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ রাজের ইঞ্জিনিয়ার। তারা ২০০ বছরে দেশকে শোষণ ও লুটপাট করেছে।

তিনি বলেন, অন্যদিকে নিজাম তেলেঙ্গানায় নিজামসাগর প্রকল্প বাস্তবায়িত করেছেন। তিনি বলেন, ‘নিজাম আমাদের রাজা। তিনি আমাদের ইতিহাস। কিন্তু ঐক্যবদ্ধ অন্ধ্রপ্রদেশ তাকে আমাদের ইতিহাস থেকে মুছে ফেলার সব চেষ্টাই করেছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সভাপতি বলেন, নিজামই নিজাম সাগর ফ্যাক্টরি, সেকান্দারাবাদ, ন্যামপালি রেলওয়ে স্টেশন, ওসমানিয়া, গান্ধী, নিলুফার, ক্যানসার ও অর্থপেডিক হাসপাতাল তৈরি করেছিলেন। নিজাম ছাড়া আর কেউ কি হায়দারাবাদে সরকারি হাসপাতাল বা রেল স্টেশন নির্মাণ করেছিলেন?

তিনি বলেন, এমনকি ‘পুলিশি ব্যবস্থায়’ ক্ষমতা হারিয়েও শেষ নিজাম মির ওসমান আলী খান তার জমিতে এবং তার অর্থে একটি অর্থপেডিক হাসপাতাল নির্মাণ করেছিলেন।সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ইআর