ইসলামাবাদে প্রবেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও মহাসড়কের বিভিন্ন অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ-পেশোয়ার মোটরওয়ে, ইসলামাবাদ-ডেরা ইসমাইল খান মোটরওয়ে ও গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কয়েকটি অংশ রয়েছে। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে কনটেইনার বসিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
মিছিলকে কেন্দ্র করে পিটিআইয়ের কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ইমরান খানের তিন বোনকেও এর আগে আটক করা হয়। আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশ দেওয়া হয়েছিল বলে আল জাজিরা জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তার কথা বিবেচনা করেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে পিটিআইয়ের অভিযোগ, দলটির কর্মসূচি ঠেকাতে রাজনৈতিকভাবে ধরপাকড় করা হচ্ছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিটিআইকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে দলটি মিছিলের প্রস্তুতি অব্যাহত রেখেছে। পিটিআই বলছে, ইমরান খানের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ তাদের সাংবিধানিক অধিকার।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার দল দীর্ঘদিন ধরে তার মুক্তির দাবি জানিয়ে আসছে। ২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। ২০২৪ সালের নভেম্বরেও পিটিআই সমর্থকদের ইসলামাবাদমুখী আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।
এদিকে পাকিস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামাবাদমুখী কর্মসূচি শুরু করেছিল। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনার উদ্যোগের পর দলটি কর্মসূচি স্থগিত করে।
২৭ সেপ্টেম্বরের পিটিআইয়ের কর্মসূচিকে সামনে রেখে ইসলামাবাদের প্রবেশপথে নিরাপত্তা জোরদার ও সড়ক বন্ধ রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এস





