নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি অক্সিজেন কারখানার গ্যাস সিলিন্ডার গাড়িতে তোলার সময় বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার রাতে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আবদুস সাত্তার (৩৪)। তিনি লালমনিরহাট জেলার সিংগামারা এলাকার আজিজুরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত এগারোটার দিকে হাটিপাড়া এলাকায় ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড কারখানায় অক্সিজেন গ্যাসের সিলিন্ডার গাড়িতে তোলার সময় আকস্মিকভাবে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এ সময় ঘটনাস্থলেই সেখানে থাকা ওই কারখানার শ্রমিক আব্দুস সাত্তার (৩৪) মুত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এএস





