যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামে শিশু (১০) গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম নাজমুল হোসেন ওরফে বাবু (৩০) বলে জানা যায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়েছে বলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী নিশ্চিত করেছেন।

বাবু সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে।

শিকদার আককাস আলী জানান, শিশুটি বসুন্দিয়া গ্রামের কামরুজ্জামানের বাড়িতে কাজ করত। গত ২৬ জুলাই গৃহকর্তা কামরুজ্জামানের ছেলে বাবু শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির পিতা-মাতা বিষয়টি জানলেও কাউকে না জানিয়ে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে বাবুকে আটক করে এবং শিশুকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে শিশুটির ডাক্তারি পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন।

এসএইচ