রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নুরুন্নাহার স্বাক্ষরিত এক সার্কুলারে দুটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটি দুটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সাংবাদিকদের মারধরের ঘটনার পর  সোমবার থেকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা ভেঙে পড়ে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ঘটনা তদন্তে গঠিত কমিটিতে সদস্য রাখা হয়েছে বিএমএ মহাসচিব ইকবাল আর্সলান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিনিধি,স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালক এবং মন্ত্রণালয়ের উপসচিব জিল্লুর রহমান চৌধুরীকে।  
সাংবাদিক মারধরের ঘটনায় একুশে টেলিভিশন কর্তৃপক্ষ চিকিৎসকদের আসামি করে একটি মামলা করার পর মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা সোমবার দুপুরে কর্মবিরতি শুরু করেন।
কয়েকদিন আগে সংবাদ সংগ্রহে গিয়ে মিটফোর্ড হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলা শিকার হন একুশে টিভির কয়েকজন সাংবাদিক।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডাক্তাররা ধর্মঘট প্রত্যাহার করেছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।  তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালক এবং মন্ত্রণালয়ের উপসচিব হুমায়ুন কবির।
রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংঘাতের জন্য সাংবাদিকদের দায়ী করে কর্মবিরতি শুরু করেন সেখানকার শিক্ষানবিশ চিকিৎসকরা।
[b]ঢাকা,২২ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)// জেএ[/b]