স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ৭ সিটি করপোরেশনে অধিকতর নাগরিক সেবা নিশ্চিতে ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধে অভিন্ন ইনডেক্স নম্বর চালু করবে সরকার।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিনের প্রশ্নোত্তরে সংসদকে এ সব তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।
মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনে হোল্ডিং নাম্বারের সাথে নাগরিক সেবা নিশ্চিত, ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধকল্পে অভিন্ন ইনডেক্স নম্বর চালুর পরিকল্পনা সরকারের আছে।
স্থানীয় সরকার বিভাগের অধীনে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউপিএইচএসডিপি) এর আওতায় ৭টি সিটি করপোরেশনের হিসাব ও রাজস্ব বিষয়ক কার্যক্রম অটোমেশন করার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
মন্ত্রী জানান, দরপত্রের কারিগরি মূল্যায়ণ সমাপ্ত করে উন্নয়ন সহযোগী এডিবি প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এডিবির অনুমোদন প্রাপ্তির পর পরবর্তী কার্যক্রম দ্রুত গ্রহণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতে ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধে অভিন্ন ইনডেক্স নম্বর চালু করা সম্ভব হবে।
প্রসঙ্গত ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই ৭টি সিটি করপোরেশনের নাগরিকরা এর আওতাধীন হবেন।
সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের জন প্রতিনিধিদের সম্মানী ভাতা ও অন্যান্য পারিতোষিক বৃদ্ধিও বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ব্যস্ত জনবহুল রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গণশৌচাগার প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণশৌচাগার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বাকী পয়েন্টে গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এমকে





