পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-২০, নাটোর-২ ও বরগুনা-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার আরো কয়েকজন সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

পৌর নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার পরেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারণামূলক কাজে জড়িয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা। বিষয়টি ইসির নজরে আসায় তাদের শোকজ লেটার দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, বরগুনা-২ আসনের হাসানুর রহমান রিমন, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে কারণ দর্শাতে বলা হয়েছে।

তিনি আরো জানান, আরো কিছু সংসদ সদস্যের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। তা যাচাই করে সোমবার কয়েকজনকে কারণ দর্শাতে বলা হবে। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে।

নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদরা আচরণবিধি লঙ্ঘন করছেন, এমন বিষয় উল্লেখ করে স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্যদের অবহিত করার বিষয়েও চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা ও অবহিত করতে সংসদ সচিবালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দেওয়া হচ্ছে। চিঠিতে সই করা হয়েছে। রাতে পাঠানো না গেলেও সকালে তা পৌঁছে দেওয়া হবে।

সংসদ সচিব স্পিকারের মাধ্যমে এ বিষয়ে সংসদ সদস্যকে ও মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের অবহিত করবেন।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের প্রচারণায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্বাচনী বিধি ও আচরণবিধির অনুলিপিও সংযুক্ত করা হচ্ছে। আচরণবিধির ২২ ধারাটি উল্লেখ চিঠিতে করা হয়েছে।

চিঠিতে বলা হয়, কয়েকজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভবিষ্যতে যাতে এ আচরণবিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে অবহিত করার প্রয়োজনী নির্দেশনা দিতে ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া অনুরোধ করা হলো।

ইসির সহকারী সচিব রাজীব আহসান বলেন, রোববার রাতেই সংশ্লিষ্ট চিঠিগুলো পাঠিয়ে দেওয়া হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে ২৩৪ পৌরসভায়। এর মধ্যে মেয়র পদে ২০ দল প্রার্থী দিয়েছে। দলীয় প্রার্থী সাত শতাধিক ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে পাঁচ শতাধিক।

এমকে