প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সিলেট যাচ্ছেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর সিলেটে এটিই তার প্রথম সফর।
বেলা সাড়ে ১১টায় নবপ্রতিষ্ঠিত সিলেট সেনানিবাসের সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি হজরত শাহজালাল (র.) এবং হজরত শাহপরান এর মাজার জিয়ারত করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আজ সিলেট সফরকালে সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভায় তার ভাষণ দেওয়ার এবং সাতটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ছয়টি প্রকল্প উদ্বোধন করার কর্মসূচি ছিল। কিন্তু জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কারণে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় জনসভা করছেন না সরকারপ্রধান শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত হলেও নেতাকর্মীদের উৎসাহের কমতি নেই। নেত্রীকে স্বাগত জানিয়ে প্রতিদিনই দলীয় নেতাকর্মীরা করেছেন মিছিল-সভা।
গত কয়েক দিনই নগরীতে হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রাও। নগরের অলিগলি ছেয়ে গেছে ব্যানার-পোস্টার, ফেস্টুন আর তোরণে। এসবে শোভা পাচ্ছে স্বাগতম প্রধানমন্ত্রী, নেত্রীকে অভিনন্দন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে স্বাগতমসহ বিভিন্ন স্লোগান।
সিলেট মহানগর পুলিশ প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো নগরকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরের অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সিলেট মহানগর এবং মহানগর থেকে এমএজি ওসমানী বিমানবন্দরের দিকে সকল প্রকার যানবাহন চলাচল সাময়িক নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে।
দুপুর ২টা ৪৫ মিনিটের পর প্রধানমন্ত্রী এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না পৌঁছানো পর্যন্ত এ এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রিত বা বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে নগরী ও নগরীর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ওসমানী বিমানবন্দর এলাকা থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের নজরদারি করছে পুলিশ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জাগো নিউজকে বলেন, এবার জনসভা না হলেও পরবর্তী সময়ে হবে।
তিনি বলেন, নেত্রীর আগমনে পুরো সিলেটবাসীই আনন্দিত। আমরা নেত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।
এমএনজে





