এক দিনের ঘোষণায় কি দেশ স্বাধীন হয়ে যায়- এমন প্রশ্ন রেখে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘স্বাধীনতার ঘোষণা কি হ্যামিলনের বাঁশিওয়ালা, যে বাঁশি বাঁজাল আর হয়ে গেল?’
তিনি বলেন, ‘২৪ বছর সংগ্রামের ফসল বাংলাদেশের স্বাধীনতা। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এ দেশের স্বাধীনতা এনেছেন।’
সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত স্বাধীনতা উৎসব-২০১৫ অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্যে মঙ্গলবার সন্ধ্যায় আইজিপি শহীদুল হক এ সব কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘আমরা স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে পারিনি। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজনীতিবিদদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডের নকশা আঁকছেন। আর খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে সেগুলো বাস্তবায়নের নির্দেশ দিচ্ছেন।’
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘বিএনপি নির্বাচনের লেভেল ফ্লেয়িং ফিল্ড তৈরি হয়নি এমন কথা বলে শেষ সময় নির্বাচনে অংশ নাও নিতে পারে। তখন তারা এই অজুহাত দেখিয়ে নতুন করে হরতাল-অবরোধ দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে।’
সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এএইচ





