যৌতুক না পেয়ে স্বামী-স্ত্রীর গোপন সম্পর্কের ভিডিও ধারন করে তা ইউটিউবে ছেড়েছে স্বামী। এ ঘটনায় মামলা করেছে স্ত্রীর পরিবার। এর পরই অর্থলোভী স্বামী শরিফুর রহমান ওরফে শরিফকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকি সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা প্রকাশ করেছেন।
তিনি জানান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র শরিফুর রহমান ওরফে শরিফের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। গত বছরের ১৯ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর গোপন সম্পর্ক ভিডিও ধারণ করে রাখে শরিফ।
দু’জনের মনমালিন্য হলে শরিফ ভিডিওগুলো ইউটিউবে ছাড়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। মেয়ের পরিবার থেকে টাকা দিতে অস্বীকার করলে সে ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দেয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হলে তাকে আটক করে পুলিশ।
জামিনে বের হয়ে আবারও ওই মেয়ের সঙ্গে সম্পর্কের চেষ্টা করে। আবারও সে ১০ লাখ টাকা দাবি করে এবং পুনরায় ভিডিও ছাড়ার হুমকি দেয়। কিন্তু মেয়েটির পরিবার টাকা দিতে অস্বীকার করলে গত সোমবার সে আবারও একটি ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়।
এ ঘটনায় বুধবার শেরে বাংলানগর থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। বিকালে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে গ্রেফতার করা হয় শরিফকে।
বর্তমানে মহানগর গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]