রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৬৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭৩ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে এক হাজার ১৩৭ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৩৬ জন।

আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৫০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১০ হাজার ১৭৪ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৫১ জনের মৃত্যু হয়েছে।

এমবি