শনিবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, ফরিদপুর ও গাজীপুর–এ এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এদিন ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় ট্রেনের ঈদযাত্রা। পাশাপাশি সড়ক ও নৌপথেও রাজধানী ছাড়তে শুরু করেন ঘরমুখো মানুষ। এতে সড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি দুর্ঘটনাও বৃদ্ধি পায়।

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দৌলতপুর উপজেলার রাফিয়া (১৫) ও খোকসা উপজেলার নাবিল (২৮)–এর পরিচয় পাওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কুষ্টিয়া হাইওয়ে থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, “তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। শিয়ালডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।”

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাইয়ুম মিয়া (২০), সৈকত (১৫) ও আলামিন (১৫)।

ঘোড়াঘাট থানা–র ওসি শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে ওঠার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ আরও দুজন।

নিহতরা হলেন ইজিবাইক চালক আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) ও আনোর আলী (৭০)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় দূরপাল্লার বাসের চাপায় খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে থানা–র কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস