ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাঠেরপুল ব্রিজসংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। 

নিহতরা হলেন: বরুড়া উপজেলার মহেশপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে কবির হোসেন (২২) এবং রহিম মাস্টারের ছেলে আব্দুল হক (২৫)। তারা স্থানীয় নিমসার বাজারে বাজার শেষে বাড়িতে ফিরছিলেন।

হাইওয়ে পুলিশ ময়নামতি থানার ওসি মশিউর রহমান জানান, সন্ধ্যায় কুমিল্লামুখী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক  অবস্থায় তিনজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক আনোয়ার ও কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া আবদুল হককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে। লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে, দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্মক মো. রইশ উদ্দিন জানান, মহাসড়কে দাউদকান্দি উপজেলা হাছানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের নিকট গাড়িচাপায় এক অজ্ঞাত যুবক (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক গাড়িটিকে আটককরতে পারেনি পুলিশ। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ