ঈদ শেষে যাত্রীদের ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে আজ বৃহস্পতিবার থেকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে। এদিন ২০ জুলাইয়ের ফিরতি যাত্রার টিকিট।

ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোর জংশন এবং জেলা পর্যায়ের বড় রেলস্টেশনগুলোতে পাওয়া যাবে এসব ফিরতি টিকিট। সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকেট বিক্রি কার্যক্রম।

রেলওয়ে সূত্র জানায়, ঈদ পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

২০ জুলাইয়ের ফিরতি যাত্রার টিকিট মিলবে ১৬ জুলাই, ২১ জুলাইয়ের টিকিট ১৭ জুলাই, ২২ ও ২৩ জুলাই যাত্রার টিকিট ১৯ জুলাই এবং ২৪ জুলাই যাত্রার টিকিট ২০ জুলাই বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছে। রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে টিকিট বিক্রি হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেওয়া হবে না।

এদিকে ফিরতি টিকিট নেওয়ার জন্য আজও কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশিদের ভিড় ছিল। কিন্তু বাড়ি ফেরার জন্য অগ্রিম টিকিট নেওয়ার মতো চাপ ছিল না।

এ বিষয়ে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে অনেকে ঢাকা ত্যাগ করেছেন। তারা নিজ নিজ জেলা থেকেই ফিরতি টিকিট সংগ্রহ করবে। এজন্য ঢাকায় চাপ নেই।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ১৬৯টি অতিরিক্ত যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করেছে।

এএইচ