গভীর রাতে ঘরে ঢুকে এক স্কুল শিক্ষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ওই শিক্ষকের পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকেও কুপিয়ে আহত করেছে তারা।

বুধবার রাত দেড়টার দিকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষকের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মিলন বিকাশ চাকমা নিম্নক্যাংগালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রী বীরলতা চাকমার (৫০) গলা ও হাতে কোপ লেগেছে। মিলন ও বীরলতার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে ওই বাসায় শুধু স্বামী-স্ত্রী থাকতেন।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বীরলতা বলেন, হঠাৎ ঘুম ভেঙে আমার মনে হয়, আমাকে স্বপ্নে কেউ আঘাত করছে। কিন্তু ব্যথা টের পাওয়ার পর চোখ খুলে দেখি আমাদের দুজনের শরীর ও কাপড়ে শুধু রক্ত। আত্মরক্ষার জন্য চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

মহালছড়ি থানার ওসি মো. সেমাউন কবীর চৌধুরী বলেন, দুর্বৃত্তরা দরজা ভেঙে মিলনের ঘরে ঢুকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর তারা ওই দম্পতিকে ঘুমন্ত অবস্থায় গলায় কিরিচ ও ছুরির মতো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। বীরলতার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কে বা কারা এ হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।
তদন্তের পর জানা যাবে কারা এই হত্যাকাণ্ড কী উদ্দেশ্যে ঘটিয়েছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্কুল শিক্ষকের কর্মস্থলে কোনো ধরনের সমস্যা থেকে এটা ঘটতে পারে বলে জানান ওসি।

এআর