চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের বিএনপিদলীয় নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল হককে শপথ নেয়া পরই সাদা পোশাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ শেষে বের হওয়া মাত্রই টি-শার্ট পরা দুই পুলিশ সদস্য তাকে গ্রেফতার করে।
আশরাফুল হক শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার নামে নাচোল থানায় একটি নাশকতার মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিবগঞ্জ উপজেলার ১৪টি এবং ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে বেলা সাড়ে ১১টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলে সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেফতার করে।
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, নাচোল থানার একটি নাশকতার মামলার আসামি হিসেবে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অবশ্য এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ‘সাদা পোশাকে গ্রেফতার ভয়াবহ অপরাধ’ বলে মন্তব্য করেছিলেন।
এ অবস্থায় বিএনপির এই নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করল সাদা পোশাকের পুলিশ।
এমআর





