গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। গতকাল শুক্রবার ভারত অ পাকিস্তানের দূতাবাসের ফেসবুক পেজ থেকে অভিনন্দনের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল শুক্রবার এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সফল দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
অভিনন্দনবার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিনের জনসেবা ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর দায়িত্বকালকে সফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভিত্তি দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগের স্মৃতি, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দনবার্তায় আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ অগ্রগতি অব্যাহত রাখবে এবং দেশের মানুষের কল্যাণে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে ঘনিষ্ঠ বন্ধন রয়েছে। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
আসিফ আলী জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশা করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা গভীর করার সুযোগ তৈরি করবে। অভিনন্দনবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন আসিফ আলী জারদারি।
ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে আগ্রহী সুইজারল্যান্ড।
এমএম