কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আবসাবপত্র ভাঙচুর করেছে।

রোববার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফায়েত হোসেন বকুলের মৃত্যু সনদপত্রের জন্য তার ছোট ভাই তরুনসহ অপর একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে এ হামলা চালায়।

হামলাকারীরা অফিসের ৪টি চেয়ার ভাঙচুর এবং আবাসিক মেডিকেল অফিসারসহ ৩ চিকিৎসকে লাঞ্ছিত করেন। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রাকিব জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শাফায়েত হোসেন বকুলের মৃতদেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকুলের স্বজনেরা মৃত সনদের জন্য আবাসিক মেডিকেল অফিসারকে জোরাজোরি করলে মেডিকেল অফিসার বলেন যে বকুল হাসপাতালে আনার পূর্বে মৃত্যুবরণ করেন, বিধায় এক্ষেত্রে আমাদের মৃত্যু সনদ দেয়ার এখতিয়ার নেই।

এতে উত্তেজিত হয়ে স্বজনরা এ হামলা চালায়। এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।
এমএ