মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে শোক দিবস উপলক্ষে পতাকা অর্ধনমিত করতে রাজি না হওয়ায় আব্দুল মজিদ নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টার দিকে বেরইল দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী জানান, জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করার কথা। কিন্তু সকাল ১০টা পর্যন্ত বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের অদূরের ওই মাদ্রাসায় পতাকা উত্তোলন করা হয়নি। এটি জানতে পেরে ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে আসা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা খন্দকার জবেদ আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ওই মাদ্রাসায় যান। তারা অধ্যক্ষকে পতাকা উত্তলন করে অর্ধনমিত করার অনুরোধ করেন। এ সময় অধ্যক্ষ মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী না আসার অজুহাত দেখিয়ে পতাকা উত্তোলনে অস্বীকৃতি জানান। এলাকাবাসীর বারবার অনুরোধ সত্বেও তিনি পতাকা উত্তোলন করতে রাজি হননি। তিনি বলেন, 'আমি প্রয়োজনে আত্মহত্যা করবো, তবু পতাকা ছোঁব না'। এতে উত্তেজিত জনতা ওই অধ্যক্ষকে ধরে গণধোলাই দিলে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানান ওই চেয়ারম্যান।
এ বিষয়ে জানতে ওই অধ্যক্ষের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
এসএ/ টাইম





