ঈশ্বরগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আরশাদ আলী মীর্জা ও তার স্ত্রী মালেকা বেগম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মেয়ে মনিকা বেগমসহ (৩০) তিন জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রাইভেটকারযোগে আরশাদ আলী মীর্জা সপরিবারে ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরশাদ আলী মীর্জা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী মালেকা বেগম, মেয়ে মনিকা বেগম ও প্রাইভেটকার চালকের বন্ধু শাহীনকে (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মালেকা বেগম মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন।

জেআই