গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা দু’টি ঘটে।
সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা (এসসি) বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন ২ জন।
অপরদিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (বাঘের বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৫ জন। তবে হতাহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
লাশগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএনজে





