সোনাতলা উপজেলা চেয়ারম্যান আহসানুল হক তৈয়ব জাকিরকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি এসে পৌঁছায়।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির চলমান সরকারবিরোধী আন্দোলনে একাধিক মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) জামায়াত নেতা এনামুল হকও একাধিক মামলার আসামি হয়ে পলাতক। ফলে উপজেলার পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ সংক্রান্তে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে ভাইস চেয়ারম্যান (নারী) অঞ্জনা বেগমকে দায়িত্ব দেয়া হয়েছে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত সংক্রান্ত চিঠি সোমবার বিকেলে তার কার্যালযে পৌঁছেছে।’
জেআই





