রাজশাহী নগরীর নওহাটা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারী খানের গণসংযোগে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বারী খানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌরসভার আনসার ক্যাম্পের পাশে মধ্য পুঠিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর নওহাটা পৌরসভার প্রার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে মেয়রপ্রার্থী আব্দুল বারী খান, মনসুর, ইমদাদ হোসেন, শফিকুল ও ওয়াজেদ আলীকে  নওহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  অন্যদের মধ্যে নওহাটা এলাকার মানিক (৩৪) ও রাসেলকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইমদাদ হোসেন জানান, গণসংযোগ চলার সময় দূর থেকে কে বা কারা পরপর দুটি হাত বোমা ছুঁড়ে মারে।  এতে প্রথম বোমাটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরেরটি গণসংযোগস্থলে গিয়ে বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় বোমার আঘাতেই মেয়রপ্রার্থীসহ অন্য নেতাকর্মীরা আহত হন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় নওহাটার আনসার ক্যাম্পের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আব্দুল বারী খান গণসংযোগ করছিলেন। এসময় বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। এতে আব্দুল বারী খানসহ তার অনুসারীরা আহত হয়েছেন।

ওসি আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

কেবি