নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চৌমহনী-সোনাইমুড়ী সড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে একটি মালবাহী পিকআপভ্যান ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর জাহান বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় জাহান আরা নামের এক যাত্রীসহ তিনজন আহত হন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নূর জাহান বেগম উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মোল্লা বাড়ীর আব্দুল হামিদের স্ত্রী। আহতরা হলেন- নূর জাহান বেগমের ছেলের বৌ জাহান আরা, দেবরের বৌ ও তার নাতি।
এলাকাবাসী জানান, বিকালে বগাদিয়ার নিজ বাড়ি থেকে অসুস্থ নাতিকে ডাক্তার দেখানোর জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে আহতরাসহ নূর জাহান বেগম সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সোনাইমুড়ী উপজেলা পরিষদ ভবনের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপভ্যান তাদের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নূর জাহান বেগম মারা যান। ঘটনায় নূর জাহান বেগমের ছেলের বৌ, দেবরের বৌ ও তার নাতি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতাবস্থায় নিহতের ছেলের বৌ জাহান আরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ছাড়া গত বছর এই একই স্থানে সড়ক দুর্ঘটনায় নূর জাহান বেগমের স্বামী আব্দুল হামিদ নিহত হয়েছিলেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





