নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের কৃষক রুহুল আমিন হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বুধবার বিকালে জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ আদেশ দেন।
যাবজ্জীবনে দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল হাসেম, তার ছেলে নুরনবী, আবুদল হক, তার ছেলে রাসেল এবং আবদুর রহিম।
জজ আদালতের পিপি এটিএম মহিব উল্ল্যাহ জানান, জমি সংক্রান্ত বিরোধ ও মামলায় সাক্ষি দেয়ার জের ধরে ২০০৯ সালের ২৭ জানুয়ারি রাতে কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের কৃষক রুহুল আমিনকে স্থানীয় ল্যাংড়ার দোকানের পাশে একই গ্রামের আবদুর রহিম আবুল হাসেম ও তার ছেলে নুরনবী, আবুদল হক ও তার ছেলে রাসেল পিটিয়ে গুরুতর জখম করে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার একদিন পর নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালত দীর্ঘ শুনানীর পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালত ওই ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





