নৌযান শ্রমিকদের নিরাপত্তার দাবিতে লাইটারেজ জাহাজের শ্রমিকদের শুরু করা ধর্মঘটে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ কার্গো জাহাজ-ট্রলার শ্রমিক ইউনিয়ন। সোমবার সকাল থেকে তারা এ ধর্মঘট শুরু করে।
সোমবার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী তীরে গিয়ে দেখা যায়, লাইটারেজ জাহাজের পাশাপাশি বালুবাহী কার্গো ট্রলারও নদীতে অলস বসে আছে। খোঁজ নিয়ে জানা যায়, তারাও কার্গো জাহাজ-ট্রলার শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিক ধর্মঘট শুরু করেছে। ফলে নারায়ণগঞ্জ ও আশেপাশের বালু মহাল থেকে বালু বহনকারী ও মালামালবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ কার্গো জাহাজ ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি লক্ষীপুরে ৯ নৌযান শ্রমিক নিখোঁজ হয়েছে। আজ আলী নেওয়াজ নামের এক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ শ্রমিকদের যে পর্যন্ত উদ্ধার করা না হবে, ততদিন শ্রমিকদের ধর্মঘট চলবে।
তিনি বলেন, নদীপথে আমাদের নৌযানগুলো ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজদের হামলাসহ নানা হয়রানির শিকার হয়। আর তারই প্রতিবাদে লাইটারেজ জাহাজ শ্রমিকরা যে ধর্মঘট শুরু করেছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরাও দেশব্যাপী ধর্মঘট শুরু করেছি।
মূলত শীতলক্ষ্যা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট চালক-শ্রমিকরা ছিনতাই ও চাঁদাবাজির শিকার হয় বলেও জানান তিনি।
শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন নেয়া প্রায় ২ হাজার ৭০০ কার্গো জাহাজ ও বালুবাহী ট্রলার চলাচল করে। এ ছাড়া, এ রুটে আরো প্রায় দুই হাজার রেজিষ্ট্রেশনবিহীন নৌযানও রয়েছে। ধর্মঘটের কারণে এর সবগুলোই বন্ধ রয়েছে।
জেআই





