মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মিনতি মুন্ডা (২০) নামে ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলের এক শিক্ষিকাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকালে উপজেলার নিউ সমনবাগ চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত মিনতি মুন্ডা ওই বাগানের শ্রী প্রসাদ মুন্ডার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মিনতি বিকালে স্কুল ছুটি দিয়ে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়লেখা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

কেএইচ