কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুড়িগ্রামের চিলমারী উপজেলার জাকুয়াপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে শওকত আলী (৩৪) এবং একই উপজেলার মুদারপুর এলাকার আলিম উদ্দিনের ছেলে নেয়াব আলী (৪০)।
পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার শাওরাইত বাজার সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যার তীর থেকে প্রায় ২০ ফুট নদীর ভেতরে নারায়ণগঞ্জের বিল্লাল হোসেনের একটি ড্রেজার রেখে বুধবার রাত ৮টা পর্যন্ত বালি তোলা হয়। পরে বালি তোলার কাজ বন্ধ করে সেখানেই ড্রেজারটি থামিয়ে রেখে রাতের খাবার খেয়ে তিন শ্রমিক ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে ড্রেজারটির তলা ফেটে নদীতে তলিয়ে যেতে থাকে। এ সময় টের পেয়ে এক শ্রমিক তীরে উঠতে পারলেও অপর দুই জন নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল ড্রেজারটি ও নিখোঁজদের উদ্ধারে নদীতে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একে একে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
জেআই





