আজ বিকালে দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে। এটি হল শীতকালীন ও নতুন বছরের প্রথম অধিবেশন।
গত ৪ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
বুধবার বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন বছরের (২০১৬) প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম কার্য-দিবসে ভাষণ দেবেন। পরে এ ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে।
নিয়ম অনুযায়ী এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রপতির সংসদের ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
এদিকে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে নতুন বছরের অধিবেশনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হতে পারে।
এদিকে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন গত ৮ নভেম্বর শুরু হয়ে গত ২৩ নভেম্বর শেষ হয়। মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে ২৭টি সরকারি বিলের মধ্যে ১০টি বিল পাস হয়।
ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৪২১টি নোটিশ পাওয়া যায়।
নোটিশগুলো থেকে ১৮টি গৃহীত নোটিশের মধ্যে ৮টি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি।
দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।
এমকে





