সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজার এলাকায় একটি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। তবে তাঁদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

পুলিশ জানায়, রাতে বাইপাইল থেকে খেয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস আব্দুল্লাহপুর যাচ্ছিল। পথে আশুলিয়া বাজারে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে বাসটি খাদের পানিতে পড়ে যায়।

এ সময় বাসে থাকা দুই নারী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নারীর লাশ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, নিহত দুই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এমবি