বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ির ৬ একর জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। পূর্বঘোষিত নোটিশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে দুটি এনজিও ও তিনটি বাড়িসহ ৩০টি দোকান ভেঙে দেওয়া হয়।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজাসহ পাঁচ প্লাটন পুলিশ, এক প্লাটন র্যােব ও কয়েক হাজার কর্মী অংশ নেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ির সৌন্দর্য ফিরিয়ে আনতে আশপাশের ৬ একর জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ওই জমির ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলে। আদালতের রায় অনুযায়ী আজ (বৃহস্পতিবার) উচ্ছেদ অভিযান চালিয়ে উক্ত জমি দখলমুক্ত করা হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি তার পুরোনো সৌন্দর্য ফেরত পেল।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





