নারায়ণগঞ্জ-৫ উপ-নির্বাচনে সংসদ সদস্য শামীম ওসমান একজন পুলিশ কর্মকর্তাকে হুমকি দেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, অপরাধ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন পরবর্তী সহিংসতাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সিইসি বলেন, দুইজন বিচারকের নেতৃত্বে আমাদের ইলেকশন ইনকোয়ারি কমিটি রয়েছে। তারা তদন্ত করে দেখবেন। এছাড়া যেকোনো ব্যক্তি বা যেকোনো অভিযোগ তদন্ত করে দেখা হবে।

নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সিইসি বলেন, ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে মাত্র একটি কেন্দ্রে সহিংসতা হওয়ায় আমরা ভোট বাতিল করে দিয়েছি।

বাংলাদেশ এশিয়া অঞ্চলের কমনওয়েলথ ইলেকটোরাল নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বলে জানান সিইসি।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্র দখলকে কেন্দ্র করে জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বশিরউদ্দিনকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

জানা গেছে, সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী একেএম সেলিম ওসমান সমর্থকরা ওই কেন্দ্রটি দখল করতে যান। এ সময় সেখানে দায়িত্ব পালনরত সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বশিরউদ্দিন তাদের বাধা দেন।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ