তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিধ্বস্ত জামায়াত-বিএনপির শেষ আক্রমণ হিসেবে ব্লগার হত্যার নামে সাধারণ মানুষদের ওপর আক্রমণ করছে। ৭১’এ মহান মুক্তিযুদ্ধের সময়ও একই ঘটনা ঘটেছিল।
শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ এবং অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানিরা যখন আমাদের সঙ্গে পেরে উঠছিল না, তখন তারা সাধারণ মানুষ ও নারীদের ওপর আক্রমণ করেছিল। আর আজকে আগুন-সন্ত্রাসে পরাজিত বেগম জিয়া, বিদ্ধস্ত জামায়াত শেষ আক্রমণ হিসেবে নিরীহ জনগণের উপর হামলা করছে।
ইনু বলেন, ব্লগার হত্যার নামে কার্যত তারা আসলে ভিন্নমত ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে চাচ্ছে। এ ব্যাপারে সরকারের শক্ত অবস্থানকে সহযোগিতার জন্য দেশের মানুষের কাছে ব্লাগার হত্যাকারীদের ধরিয়ে দেয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম প্রমুখ।
এআই





