টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীকে প্রায় পক্ষকালব্যাপী ডুবিয়ে রাখার পর এখন নতুন করে শুরু হয়েছে জোয়ারের পানির জলাবদ্ধতা। গত ৪ দিন ধরে বৃষ্টিহীন শহরে জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতা থেকে কিছুতেই নিস্তার মিলছে না নগরবাসীর। পালা করে যেন বৃষ্টি আর জোয়ার চট্টগ্রামবাসীকে ভোগান্তিতে ফেলার খেলায় মেতেছে। প্রকৃতির এমন লীলা খেলার কাছে যেন অসহায় নগরবাসী।
বৃষ্টিবিহীন শহরের প্রায় প্রতিটি অঞ্চল প্রতিদিন নিয়ম করে ডুবিয়ে রাখছে জোয়ারের পানি। নগরীর খাতুনগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর, বড়পোল, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ী, চকবাজার, বাকলিয়া, পাথরঘাটা, জামালখানসহ নগরীর প্রায় প্রতিটি এলাকা সপ্তাহ জুড়ে দিনে দু একবার জোয়ারের পানিতে ডুবে থাকে। যার স্থায়িত্ব হয় দেড় থেকে দুঘন্টা।
এসময় বিপাকে পড়তে হয় চট্টগ্রাম শহরের জনগনকে। দূর্ভোগের আরেক নাম জলাবদ্ধতা থেকে সৃষ্ট যানজট। যানজটে আটকে মানুষের কর্মঘন্টার যে অপচয় ঘটছে তা কাটিয়ে উঠতে অচিরেই জলাবদ্ধতা নিরসনে যুগোপযোগী সিন্ধান্ত বাস্তবায়ন প্রত্যাশা করে নগরবাসী।
চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র দায়িত্ব নেয়ার পর বলেছেন, জলাবদ্ধতা নয়, তার প্রধান টার্গেট করপোরেশনে প্রশাসনিক মজবুত কাঠামো তৈরী করা। জলাবদ্ধতা দূর করা সম্ভব নয় বলে তিনি বেশ কয়েকবার বলেছেন।
এ অবস্থায় নগরবাসীর প্রশ্ন জলাবদ্ধতার হাত থেকে রেহাই দেয়ার দায়িত্ব কার! সবাই যেন দায় এড়িয়ে চলার প্রতিযোগিতায় মেতেছে। প্রশাসনের ওপর আস্থা হারিয়ে তারা বলছেন, প্রকৃতি যদি সদয় হয়ে বৃষ্টি ও জোয়ার বন্ধ করে দেয় তবেই মুক্তি মিলবে নগরবাসীর।
এআর





