ধান কাটা নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে চার জন গুলিবিদ্ধ হযেছেন। এ ঘটনায় আরো অন্তত ১০জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাহাদিয়া বিলে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, রোকেয়া খাতুন (৫০), আলমগীর (১৮), জাহাঙ্গীর (২২) ও শহীদ মিয়া (৪০)। গুলিবিদ্ধদের মধ্যে প্রথম তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ চারজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মনির উদ্দিন ভূঁইয়া ও তার লোকজন একটি বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। বাধা পেয়ে তারা প্রতিপক্ষের লোকজনের ওপর গুলি চালায়।

এলাকাবাসী জানায়, বাহাদিয়া বিলের ২৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আবদুল রশিদ ও একই এলাকার মনির উদ্দিন ভূঁইয়ার বিরোধ চলে আসছিল। তবে আবদুর রশিদ বংশপরম্পরায় জমিটি ভোগ দখল করে আসছিলেন। এবারও তারা এ জমিতে বোরো আবাদ করেন। তবে মনির উদ্দিন ভূঁইয়াও দীর্ঘদিন ধরে এ জমির মালিকানা দাবি করে আসছিলেন। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলছে।

বৃহস্পতিবার দুপুরে মনির উদ্দিন ভূঁইয়া শতাধিক লোক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির বোরো ধান কাটতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাঁধে। পরে মনির উদ্দিন তাদের লাইসেন্সকৃত পারিবারিক বন্দুক দিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর কয়েক রাউন্ড গুলি করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) হাসান আল মামুন জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ