কক্সবাজারের কুতুবদিয়ায় বন্দুকযুদ্ধে ফের দুই জলদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে আলী আকবর ডেইল ফতেহ আলী সিকদারপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৪টি গুলির খোসা এবং ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নের শাহ আলম সিকদারপাড়ার ছৈয়দুল আলমের ছেলে এরফান হোসেন ওরফে এরফান মাঝি (৩২) ও লেমশিখালী ইউনিয়নের সামিরাপাড়ার এনামুল হকের ছেলে নুর হোসেন (২৬)।

এরফানের বিরুদ্ধে ডাকাতি, জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা ও নুর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে আলি আকবর ডেইল ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় দু'পক্ষের গোলাগুলির শব্দ শুনে পুলিশের একটি দল ঘটানাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পক্ষ পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুটি দেহ পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, সকালে স্থানীয় জনগণ হাসপাতালে এসে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করেন। এরফান থানার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল।

এমআর