নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের শিশু শ্রমিক সাগর বর্মণকে (১০) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজহারুল হক ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লায়ন মীর আবদুল আলীমের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকায় শ্রম আদালতে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) এ কে এম সামিউল আলম কুর্সি বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বাদী এ কে এম সামিউল আলম কুর্সি বলেন, শিশু শ্রমিক সাগরকে হত্যার ঘটনায় জোবেদা টেক্সটাইলের চেয়ারম্যান আজহারুল হক ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন মীর আবদুল আলীমকে বিবাদী করে শ্রম আদালতে আজ বিকেলে একটি মামলা করা হয়েছে।
শ্রম আইন অনুযায়ী, এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রাষ্ট্রের পক্ষে বাদী হয়ে তিনি এই মামলাটি করেন। আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের এখলাছ স্পিনিং মিলে গত রোববার দুপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে হত্যা করা হয়।
সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত বলে তার বাবা জানিয়েছেন। এ ঘটনায় নিহত সাগরের বাবা রতন বর্মণ (৭০) বাদী হয়ে রোববার রাতে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, ব্যবস্থাপক (উৎপাদন) হারুনুর রশিদ, জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আজহার ইমাম ওরফে সোহেল, সহকারী উৎপাদন ব্যবস্থাপক রাশেদুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল হুদাকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ওএফ





