চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল অধিদফতরের একটি গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনা শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটে। অগ্নিকাণ্ডে গাড়িটি (চট্টমেট্রো-চ ১১০৮০৬) সম্পূর্ণ পুড়ে যায়। পড়ে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বিকট শব্দে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে পুরো গাড়িটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই গাড়িটি পুরে যায়।
এ বিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করছি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণেই অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তবে চবি প্রকৌশল অধিদফতরের প্রধান ও চবির রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলমগীল চৌধুরীর দাবি এটি দুর্বৃত্তদের কাজ।
তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেনি। এটি পরিকল্পিত নাশকতা। তবে এ নাশকতার সঙ্গে কে বা কারা জড়িত তা তিনি নিশ্চিত করে বলেন নি। ’
তিনি বলেন, ‘যেহেতু এটি তদন্ত সাপেক্ষ ব্যাপার, তাই কে বা কারা জড়িত তা বলা মুশকিল।’
এএইচ





