পাবনার ঈশ্বরদী থানা পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী পাকশীর আলম হোসেন (৩৫) রিভলবারসহ গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে পাকশী রেলওয়ে কলোনির একটি বাসা হতে তাকে আটক করা হয় বলে ঈশ্বরদী থানা পুলিশ নিশ্চিত করেছে। আলম পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকার সাইদার আলী প্রামাণিকের ছেলে।
পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সমকালকে জানিয়েছেন, আলম হোসেন পাকশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
আটক আলম জানান, তিনি পাবনা জেলা অটো টেম্পু চালক সমিতির সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে পাকশী পুলিশ ফাঁড়ির আইসি জান মোহাম্মদ আলমগীর হোসেন ও একদল পুলিশ গোপনে খবর পেয়ে এই অভিযান চালায়।
ওসি জানান, এসময় তার বাসা থেকে পাকিস্তানে তৈরি আট বোরের রিভলবারটিও পাওয়া যায়। আলমের বাড়ি দিয়াড় বাঘইলে হলেও তিনি দীর্ঘদিন রেলওয়ের কোয়ার্টার দখল করে অবৈধভাবে বসবাস করছিলেন।
তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পাঁচটি ও রেলওয়ে থানায় একটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি।
এসএ





