বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে বরিশাল-ঢাকা মহাসড়কের যানজট নিরসনে দায়িত্বে অবহেলার অভিযোগে গৌরনদী থানার ওসি মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার গৌরনদীর টরকীতে বিআরটিসির একটি বাস দুর্ঘটনাকবলিত হয়ে মহাসড়কে দীর্ঘক্ষণ পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়।
এতে ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়ে। স্থানীয়রা যানজট পরিস্থিতি জানিয়ে তা নিরসনের জন্য গৌরনদী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন।
কিন্তু ওসি কোনো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি জেলা এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছে পৌঁছায়। এতে ক্ষুব্ধ হন উর্ধ্বতন কর্মকর্তারা।
খবর পেয়ে রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবির এবং জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে তারা দায়িত্বরত কোনো পুলিশ সদস্যদের দেখতে পাননি।
যানজট পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বে অবহেলার অভিযোগে গৌরনদী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান।
এসএইচ





