কুষ্টিয়ায় দুই খুনের আসামী বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন (৩০)। তিনি মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামের রাজ্জাক ড্রাইভারের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় সদর উপজেলার জগতি চেচুয়া রেলবাজারের পাশে একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশ একটি দেশি বন্দুক, ২টি দেশী হাসুয়া ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্ত্রাসীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্য গোপন বৈঠক করছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি দল জগতি চেচুয়া রেলবাজারের পাশে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।
এসময় পুলিশও পাল্টা গুলি চালালে আধাঘন্টা ব্যাপী গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে জানা যায় নিহত ব্যক্তি জাকির হোসেন। তিনি গত শনিবার শোক দিবসের র্যালীতে নিহত যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য উজ্জল হোসেন, কনক রেজা, সরোয়ার হোসেন, আনিসুর রহমান ও সুজন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সাব্বির উল আলম আরো জানান, নিহত জাকির সবুজ হত্যা মামলা ছাড়াও জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার আসামি। সে জাসদ হত্যা মামলার প্রধান আসামি দুলালের সেকেন্ড ইন্ড কমান্ড ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল।
এআই





