তুরস্কের আঙ্কারায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সৌলু’র সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বুধবার অনুষ্ঠিত বৈঠকে দুই মন্ত্রী অনিয়মিত অভিবাসন, নিরাপত্তা, সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সমস্যা সম্পর্কে আলোচনা করেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহযোগিতা দেয়ার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শুরুতে তুরস্কের সরকার ও তুরস্কের জনগণের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর 'জিরো টলারেন্স' নীতির কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, যেহেতু রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত, সেহেতু বাংলাদেশ সরকার নিরাপদ এবং আইনানুগ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের প্রস্তাব করেন।

সন্ত্রাস দমন, মাদক নির্মূল এবং অন্যান্য অপরাধমূলক কাজের বিরুদ্ধে দু' দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রতি তুরস্ক সরকারের চলমান বিভিন্ন মানবিক সহযোগিতার কথা উল্লেখ করেন। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তুরস্ক সরকারের রাজনৈতিক, নৈতিক ও মানবিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার সন্মানে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদেয় নৈশভোজে অংশ নেন।

এএস