ট্রেনে সিডিউল বিপর্যয়ের জন্য বিএনপিকে দায়ী করলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, সিডিউল বিপর্যয় সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। এর জন্য দায়ী বিএনপি এবং খালেদা জিয়া। তাদের আমলে জরা-জীর্ণ রেল পথের কোনো উন্নয়ন না হওয়ায় বিভিন্ন জায়গায় ট্রেনের গতি কমাতে হচ্ছে। এতে নির্ধারিত সময় ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না এবং ট্রেন গন্তব্যে পৌঁছাতেও পারছে না।

তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে রেল সেক্টরে খালেদা জিয়া এবং বিএনপি কোনো কাজই করেনি। আমাদের সময় যেন যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিএনপির সময় যেসব কাজ হয়নি, আমরা সে কাজগুলো করছি। বর্তমান সরকার জীর্ণ রেল পথ উন্নয়নের পাশাপাশি স্টেশনগুলোও মেরামত করছে।

মুজিবুল হক আরও বলেন, সিডিউল বিপর্যয়ের আরেকটি কারণ হলো বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠা-নামা করার কারণেও কিছুটা দেরি হচ্ছে।

এএইচ