জামায়াতের তৃতীয় দফা ডাকা ৪৮ ঘন্টা হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে ৪১ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে জয়দেবপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।
এর আগে মহানগরের বাসন সড়ক এলাকায় একটি তৈরি পোশাক কারখানার পণ্যবাহী পিকআপ ও একটি প্রাইভেটকারে আগুন দেয় হরতালকারীরা। রাতে তাদের ছোড়া পেট্রোল বোমায় জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুড়ে যায় একটি বলাকা পরিবহনের বাস। এসব ঘটনায় রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
এদিকে, জামায়াতের ডাকা হরতালের শেষ দিন গাজীপুরে নিরুত্তাপভাবে চলছে। প্রতিদিনের মতো ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। মিনিবাস, রিকশা, অটোরিকশাসহ অন্যান্য হালকা যানবাহনও চলাচল করছে। জনজীবন অনেকটাই স্বাভাবিক। হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীদের তৎপরতার খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা রক্ষায় মহাসড়কে র্যাব পুলিশের টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। দোকান পাট, বিপনী বিতান ও তৈরি পোশাক কারখানা খোলা রয়েছে।
কেএইচ





