চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার অয়্যারলেস এলাকায় সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহফুজুল আলমের প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন হিরণের অনুসারীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘটিত এ ঘটনার পর কাউন্সিলর প্রার্থী মাহফুজুল আলমের পক্ষে নির্বাচন কমিশন ও নগরীর খুলসী থানায় পৃথক অভিযোগ করা হয়েছে।

নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাহফুজুল আলম। আগের কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে হারিয়ে তিনি গতবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এবারও প্রতিদ্বন্দ্বিতায় আছেন এ দু’জনই।

স্থানীয়রা জানায়, পুলিশের দায়ের করা কয়েকটি মামলায় কাউন্সিলর মাহফুজ আসামী থাকায় তিনি প্রকাশ্যে প্রচারণায় আসতে পারছেননা। অয়্যারলেস গেট এলাকায় মাহফুজুলের স্ত্রী, ভাইয়ের স্ত্রী, তাদের ছেলেমেয়েরা প্রচারণা চালাচ্ছিল। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকরা সেখানে গিয়ে তাদের মারধর করে। এসময় তাদের এলাকা ছেড়ে যাবার জন্যও হুমকি দেয় বলে জানা গেছে।

এ ঘটনার পর মাহফুজুলের সমর্থকরা খুলশী থানায় চলে আসেন। পরে ওসি তাদের লিখিত অভিযোগ দিতে বললে লিখিত অভিযোগ করা হয় বলে সুত্র জানায়।

ইতোপূর্বেও গত ১২ এপ্রিল মাহফুজুলের প্রচারণার সিএনজি অটোরিক্সা হিরণ সমর্থকরা ভেঙে দেয় মর্মে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছিল।

কেএইচ