মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় নুরপুরে পুলিশ বাধা দিলে বোমা নিক্ষেপ করে ছিনতাইকারীরা।এ সময় আহতাবস্থায় রিন্টু মিয়া (২২) ও সোহাগ হোসেন (২৩) নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
মেহেরপুর সদর উপজেলার বারাদী এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, বারাদি বাজারের শাহীন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী শাহীনুর রহমান মোটরসাইকেলযোগে দুইজনকে সঙ্গে নিয়ে পাটকেলপোতা গ্রামের বাড়িতে ফিরছিলেন। বিএডিসি খামারের সামনে পৌঁছলে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে মারধর করে এবং শাহীনের একটি ডিসকভারি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় নুরপুর মোড়ে পুলিশের একটি দল ছিনতাইকারীদের প্রতিরোধ করে। ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে।
নিজেদের ছুড়ে মারা বোমার বিস্ফোরণে আহত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও একটি বোমা উদ্ধার করে। আহত দুইজনকে আটকাবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





