২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না জানিয়ে খালেদা জিয়াকে মাথা ঠাণ্ডা করে দল গুছানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে বগুড়ার শেরপুরে টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জনগণ যখন ভোট দিয়ে তাদের জন প্রতিনিধি নির্বাচন করতে চায় তখন বেগম খালেদা জিয়া জ্বালাও পোড়াও করে ভোট বন্ধ করতে চেয়েছিল। বিএনপি’র জ্বালাও পোড়াও’র মধ্যে ৪০ ভাগ ভোট পড়েছিল। জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল জারি হতো।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।
এর আগে মোহাম্মদ নাসিম নতুন অনার্স ভবনের ফলক উন্মোচন করেন। পরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
জেআই





