কিশোরগঞ্জের করিমগঞ্জে মায়ের দায়ের করা মামলায় জামিনে মুক্তির পর বিধবা মাকে বাড়িছাড়া করেছে জহিরুল ইসলাম জুয়েল (৩৭) নামে নেশাগ্রস্ত ছেলে।
এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সকালে করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন মা হালিমা খাতুন।
মামলার অভিযোগ জানা গেছে, করিমগঞ্জের কদিমাইজ হাটি গ্রামের নেশাগ্রস্ত ছেলে জুয়েলের অত্যাচারে অতিষ্ট হয়ে আদালতে মামলা দায়ের করেন তার মা। এরপর ছেলে জামিনে এসে মাকে বাড়িছাড়া করেছেন। এমনকি বাদীকে যেখানেই পাবে খুন করার রীতিমত হুমকিও দিয়ে যাচ্ছে আসামি জুয়েল।
জুয়েল জামিনে ছাড়া পেয়ে হালিমা খাতুন ও তার মামলার সাক্ষীদের আসামি করে স্ত্রীকে দিয়ে আদালত-৬ এ একটি কাউন্টার মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
হালিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, ‘গর্ভজাত ছেলে জহিরুল ইসলাম জুয়েলের অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে বিচার চেয়ে ৬ এপ্রিল তার বিরুদ্ধে কিশোরগঞ্জ বিজ্ঞ-ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-৬ এ মামলা করি। আদালত প্রথম দিকে মামলাটি আমলে নিলেও পরে তা বিচারের জন্য প্রথম শ্রেণীর বিচারিক আদালত-৩ এ হস্তান্তর করে। এরপর ৩০ জুলাই ম্যাজিস্ট্রেট তাসলিমা নাসরীন সহজেই রহস্যজনকভাবে আসামিকে জামিন দিয়ে দেন। এতে আসামি উৎসাহিত হয়ে বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে।
এমনকি বসতবাড়ির সীমানার দাগ নম্বর বসিয়ে তার নামে একটি জাল দলিল করে আমাকে বাড়িছাড়া করেছে। আমি প্রাণের ভয়ে এখন আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছি।’
ছেলের হুমকিতে বাধ্য হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সকালে করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন হালিমা খাতুন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আক্তারুজ্জামান বলেন, ‘শনিবার সকালে থানায় ছেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মা। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জুয়েলের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





