প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রোববার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সোহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে বাণীতে তিনি উল্লেখ করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন ‘জন্মাষ্টমী’ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি ‘ধর্ম যার যার, উৎসব সবার’। 

তিনি বলেন, শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানব প্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তার একমাত্র লক্ষ্য। জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

এমএনজে