সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে আগামী ১৫-১৬ জুন দুই দিনের দ্বিপাক্ষিক সফরে সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রীসহ পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়া এই সফরে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের উচ্চ পর্যায়ের ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও থাকবেন।
দুই দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম এই দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী প্রথমে সুইডেনের প্রধনমন্ত্রী স্তেফান লোফভেনের সাথে একান্ত বৈঠকে মিলিত হবেন এবং পরে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন।
এছাড়া সুইডেনের উপ-প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পীকার এবং বিচার ও অভিবাসন বিষয়কমন্ত্রীসহ কয়েকটি শীর্ষস্থানীয় সুইডিশ কোম্পানী বা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হবেন।
সফরে বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করে একটি যৌথ ঘোষণাপত্র সাক্ষরিত হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী ।
প্রধানমন্ত্রীর সফরে Sweden-Bangladesh business council(SBBC) এবং Nordic chamber of commerce and industry (NCCI,Dhaka) এর মধ্যে ব্যবসা বাণিজ্য সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাণিজ্য বিনিয়োগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ জঙ্গিবাদ নিরোধে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেড





